রমজানের বিশেষ আমল সেহরি খাওয়া। শেষ রাতে উঠে সেহরি খেতে হয়। কখনো দেখা যায়, ঘুমের মাঝে স্বপ্নদোষ হয়ে গেছে। তখন অনেকেই ভাবনায় পড়ে যান, এই অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা? এ নিয়ে ফিকহের কিতাবাদিতে বিশদ সমাধান দেওয়া আছে। চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক এর সমাধান।
ফিকহের কিতাবাদিতে বলা আছে, গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খেতে কোনো সমস্যা নেই। নাপাক অবস্থায় সেহরি খেলেও রোজা সহিহ হয়ে যাবে। তবে পর্যাপ্ত সময় থাকলে উত্তম হলো, গোসল সেরে তারপর সেহরি খাওয়া। অবশ্য গোসলের আগেই যদি সেহরি খাওয়া হয়, তাহলে ফজরের ওয়াক্তের মধ্যেই গোসল সেরে নামাজ আদায় করে নিতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের বাহানা খুঁজে নামাজ কাজা করার সুযোগ নেই। (জামিয়া ইসলামিয়া বানুরি টাউন, ফাতাওয়া : ১৪৪১০৯২০১২৮৫)
ইফতার ও সেহরির টাইম জানতে ক্লিক করুন..
উল্লেখ্য, সেহরি খাওয়া সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়, এক ঢোক পানি পান করলেও সেহরির সুন্নত আদায় হবে।
হাদিস শরীফে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
تسحروا، فإن في السحور بركة.
‘তোমরা সেহরি খাও। কেননা, সেহরিতে বরকত রয়েছে।’-সহিহ মুসলিম ১/৩৫০
অন্য হাদিসে বলা হয়েছে, সেহরি খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি কর। কারণ যারা সেহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দুআ করেন।’-মুসনাদে আহমদ ৩/১২; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস : ৯০১০; সহিহ ইবনে হিববান, হাদীস ৩৪৭৬
